বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জারি করা ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একইসাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের নিয়ম অনুযায়ী, কোনো অঞ্চলে ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটারকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটারকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটারকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে ধরা হয়।



