মৌসুমের শুরুতেই বড় বার্তা দিল আর্সেনাল। ম্যানচেস্টার সিটিকে কোনো সুযোগ না দিয়ে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে মিকেল আর্তেতার দল।
কার্ডিফে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নের এই শিরোপা লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য ছিল আর্সেনালের। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। কিক অফের পর পরই সিটিকে হতবাক করে দেন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি।
ম্যাচের ঘড়িতে তখন মাত্র ২৪ সেকেন্ড! আর্সেনালের দাপট অবশ্য সেখানেই থামেনি। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ। মার্টিন ওডেগারের বাড়ানো ক্রসে অভিষিক্ত ক্রিস্তস জলিস হেডে বল বাড়িয়ে দেন। যা হেডে জালে পাঠান জার্মান মিডফিল্ডার।
প্রথমার্ধের শেষ দিকে অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল সিটি। আর্লিং হলান্ড দ ‘টি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। একবার তার শট লক্ষ্যভ্রষ্ট হয়, আরেকবার খুব কাছ থেকে নেয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক দাভিদ রাইয়া।
বিরতির পর সিটির ঘুরে দাঁড়ানোর আশা কার্যত শেষ করে দেন আর্সেনাল অধিনায়ক ওডেগার। দ্বিতীয়ার্ধের শুরুতেই জলিসের পাস ধরে দারুণ দক্ষতায় ইয়োশকো ভার্দিওলকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।
৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও আর্সেনালের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। ৮১ মিনিটে সিটির হয়ে ব্যবধান কমানোর সুযোগ তৈরি করেছিলেন অ্যান্তোয়ান সেমেনিও। তবে তার কোনাকুনি শটও আটকে দেন রাইয়া।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। সিটির বিপক্ষে এমন দাপুটে জয় তাই শুধু একটি ট্রফি জয়ের আনন্দ নয়, নতুন মৌসুমে আর্সেনাল দিয়ে রাখলো শক্তির ঘোষণা।
গত মে মাসে ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আর্সেনাল। তবে মৌসুমের শেষটা তাদের হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে হেরে। নতুন মৌসুমে সেই হতাশা পেছনে ফেলে শুরুতেই শিরোপা জিতে নিল আর্তেতার দল।



