রদ্রিকে পেতে সিটির সাথে সমঝোতায় বার্সেলোনা

আগামী কয়েক দিনে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। তবে রদ্রির জন্য ঠিক কতো খসাতে হবে বার্সেলোনাকে, তা এখনো জানা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি
স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি |ফাইল ছবি

রদ্রির ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। বিবিসিসহ একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, স্প্যানিশ তারকাকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সাথে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় সাড়ে ছয় কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে রদ্রিকে দলে নিতে যাচ্ছে কাতালান ক্লাবটি। বার্সেলোনার সাথে চার বছরের চুক্তি করতে পারেন ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই মিডফিল্ডার।

আগামী কয়েক দিনের মাঝেই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। তবে তার জন্য ঠিক কতো খসাতে হবে বার্সেলোনাকে, তা এখনো জানা যায়নি।

তবে ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে প্রায় ছয় কোটি ২৮ লাখ পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন রদ্রি। এরপর পেপ গুয়ার্দিওলার দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি।

সিটির হয়ে সাত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯৮ ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। এ সময়ে জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দু’টি এফএ কাপসহ মোট ১২টি বড় শিরোপা।

তবে ক্যারিয়ারে চোটও বড় বাধা হয়ে এসেছে রদ্রির জন্য। হাঁটুর গুরুতর চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের বড় একটি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। পরের মৌসুমেও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগেছেন।

চোটের ধাক্কা পেছনে ফেলে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে অবশ্য দুর্দান্ত ফর্মে ফিরেছেন রদ্রি। স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন তিনি।

রদ্রিকে দলে পেতে আগ্রহী ছিল স্পেনের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদও। তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনায় খেলার ব্যাপারে আগ্রহী ছিলেন রদ্রি নিজেই। এবার সেই ইচ্ছা পূরণের পথও খুলে গেছে।

সবকিছু ঠিকঠাক এগোলে ম্যানচেস্টার সিটির মধ্যমাঠের অন্যতম ভরসার এই তারকাকে নতুন মৌসুমে বার্সেলোনার জার্সিতেই দেখা যেতে পারে।