অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পুরস্কার মিলছে র্যাঙ্কিংয়েও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল অস্ট্রেলিয়াকে হারানোর পর আইসিসি টেস্ট র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ।
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর আগে টেস্ট র্যাংকিংয়ে নবম স্থানে ছিল বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের পর দুই ধাপ নয়; সরাসরি তিন ধাপ লাফ দিয়ে এখন ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। পেছনে ফেলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে।
তবে এই অবস্থানের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। আইসিসির নিয়মিত সাপ্তাহিক হালনাগাদে বুধবার বাংলাদেশের নতুন অবস্থান আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে।
বাংলাদেশের ওপরে পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ৯৯। আর অস্ট্রেলিয়া হারের পরও র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখবে।
দ্বিতীয় টেস্টের ফল বাংলাদেশের রেটিং পয়েন্টে আরো প্রভাব ফেলবে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ড্র হলে বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জিতবে এবং রেটিং পয়েন্ট প্রায় ৮০-তে উঠতে পারে।
আর দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ২-০ ব্যবধানে শেষ করতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে ৮২ হয়ে যাবে। আর হেরে গেলেও স্থান অপরিবর্তিত থাকবে।
অস্ট্রেলিয়ার জন্য অবশ্য পরাজয়ের প্রভাব পড়বে শীর্ষস্থান ধরে রাখার ব্যবধানে। দ্বিতীয় টেস্টে হেরে গেলে দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার সাথে তাদের ব্যবধান কমে প্রায় ৩ থেকে ৫ রেটিং পয়েন্টে নেমে আসতে পারে।
অর্থাৎ ডারউইনে শুধু ইতিহাসই গড়েনি বাংলাদেশ, অস্ট্রেলিয়ার মাটিতে সেই জয় টেস্ট র্যাঙ্কিংয়েও দলকে এগিয়ে দিয়েছে। এখন দ্বিতীয় টেস্টের ফলের ওপর নির্ভর করছে সেই অবস্থান আরো কতটা শক্ত হয়।



