গলের পর কলম্বোতেও পাডিক্কালের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ভারত

যেখানে দলে জায়গা পাওয়া নিয়ে ছিল শঙ্কা, সেখানে সুযোগ পেয়েই দুই টেস্টে দুই সেঞ্চুরি তুলে নিলেন পাডিক্কাল।

নয়া দিগন্ত অনলাইন
সেঞ্চুরির পর দেবদূত পাডিক্কালের উৎযাপন
সেঞ্চুরির পর দেবদূত পাডিক্কালের উৎযাপন |সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শুরুতে দলে জায়গা পাওয়াই ছিল অনিশ্চিত। শেষ মুহূর্তে সুযোগ পেয়েছিলেন দেবদূত পাডিক্কাল। সেই সুযোগকে দারুণভাবেই কাজে লাগাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। গলের পর কলম্বোতেও তুলে নিলেন সেঞ্চুরি।

কলম্বোর সিংহালিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০০ রান করেছে ভারত। দলের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন পাডিক্কাল। ১৯৩ বলে ১২টি চারে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

চার টেস্টের ক্যারিয়ারে এটি পাডিক্কালের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে গল টেস্টে ১৬৭ ও ৪৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।

টস জিতে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই লোকেশ রাহুলকে হারায়। ১৮ রান করে লাহিরু কুমারার বলে ক্যাচ দেন তিনি। এরপর ৪৫ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল।

তৃতীয় উইকেটে পাডিক্কালের সাথে ১২০ রানের জুটি গড়েন অধিনায়ক শুভমান গিল। ফিফটি পূরণের পর ৫০ রানেই থামেন তিনি। ঋষভ পন্ত ৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

এরপর সেঞ্চুরি তুলে নিয়ে ১১৭ রানে কেশারা নুয়ান্থার বলে বোল্ড হন পাডিক্কাল। রবীন্দ্র জাদেজা করেন ৪৩ রান। দিন শেষে ধ্রুব জুরেল ৭ ও সারাংশ জেইন ৪ রানে অপরাজিত।

শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার আসিথা ফার্নান্দো। ১৫ ওভারে ৪৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। লাহিরু কুমারা ও কেশারা নুয়ান্থা পেয়েছেন একটি করে উইকেট।

দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট জিতে ভারত ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় টেস্টেও পাডিক্কালের ব্যাটে বড় সংগ্রহের পথে এগোচ্ছে সফরকারীরা।