ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

এশিয়া কাপে সেমিফাইনালের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ফাইনালের মঞ্চে উঠতে চায় বাংলাদেশ। এরপর সুযোগ এলে শিরোপার লড়াইটাও জিততে চান জ্যোতিরা।

নয়া দিগন্ত অনলাইন
নিগার সুলতানা জ্যোতি
নিগার সুলতানা জ্যোতি |ফাইল ছবি

চলতি মাসের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী এশিয়া কাপের আসর। টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের লক্ষ্য এবার সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে খেলা।

দেশ ছাড়ার আগে সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে দলীয় ফটোসেশনে অংশ নেন ক্রিকেটার ও কর্মকর্তারা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জ্যোতি বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আন্ডার লাইট যেহেতু সবগুলো গেম ওখানে, তাই এখানে আমরা দুটা প্র্যাক্টিস ম্যাচ খেলছি এই জায়গায়। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।’

২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। তবে এরপর আর ফাইনালে উঠতে পারেনি তারা। সাম্প্রতিক আসরগুলোতে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে টাইগ্রেসদের। এবার আবারো ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের।

জ্যোতি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি; বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই।’ সেমিফাইনাল পেরোতে পারলে শিরোপা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

জ্যোতির ভাষায়, ‘সেমিফাইনালটা আমরা পার করতে পারছি না যে কোনো জায়গায়। আমরা সেমিফাইনালটা ক্রস করে ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি।’

এশিয়া কাপের পরই রয়েছে এশিয়ান গেমস। সেখানেও বড় লক্ষ্য নিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী দল। জ্যোতি বলেন, ‘এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। কারণ গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, সিলভার পেয়েছিলাম ২০১০ সালে, তারপরে এসএ গেমসে যেয়ে হয়তোবা আমরা ব্রোঞ্জ পেয়েছি।’

দলের ওপর মানুষের প্রত্যাশার কথাও তুলে ধরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের টিমের পক্ষ থেকে আমি বলব যে অনেক প্রত্যাশা আছে মানুষের। একটা পদক যেন আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয় এবং সেটা যদি স্বর্ণ হয় সেটা আরো বেশি বড় হবে।’

এশিয়া কাপে সেমিফাইনালের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ফাইনালের মঞ্চে উঠতে চায় বাংলাদেশ। এরপর সুযোগ এলে শিরোপার লড়াইটাও জিততে চান জ্যোতিরা।