বাংলাদেশের কাছে হার, অস্ট্রেলিয়াকে খোঁচা ইংলিশ তারকার

অর্থাৎ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়ার কারণেই বাংলাদেশ এখন ব্রডদের কাছে ‘প্রিয় দল’—এমন ইঙ্গিতই মেলে তার কথায়।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশের কাছে হেরে অস্বস্তিতে অস্ট্রেলিয়া
বাংলাদেশের কাছে হেরে অস্বস্তিতে অস্ট্রেলিয়া |ফাইল ছবি

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক হারের পর ক্রিকেট বিশ্বে চলছে নানা আলোচনা। ডারউইনে অজিদের হার নিয়ে বেশ মজা করছেন চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশরা। সুযোগ বুঝে খোঁচা মারতেও ছাড়ছেন না।

তেমনি ‘লাভ ফর ক্রিকেট’ পডকাস্টে সাবেক দুই ইংলিশ ক্রিকেটার স্টিভেন ফিন ও স্টুয়ার্ট ব্রড অস্ট্রেলিয়াকে নিয়ে মজায় মেতে ওঠেন। তবে পাল্টা জবাব দিতে ভুল করেননি উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার।

মূলত প্রথমে পডকাস্টে স্টিভেন ফিন ব্রডকে প্রশ্ন করেন, ২০১০ সালের পর এটাই কি অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ দল? ব্রড প্রথমে মজা করে বলেন, ‘কেন, কী হয়েছে?’ কিছুই জানেন না- এমন ভান করেন তিনি।

তবে ভান করলেও তার হাসিতেই বোঝা যায়, প্রশ্নটির পেছনের কারণ তিনি ভালোভাবেই বুঝেছিলেন। এরপর ফিন বলেন, ‘কী অদ্ভুত একটা ম্যাচ!’ এরপর ব্রড অভিনয় ছেড়ে ডারউইন টেস্ট নিয়ে মুখ খোলেন।

ব্রড তখন ম্যাচ নিয়ে বলেন, ‘বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে রীতিমতো বিধ্বস্ত হয়ে গেল তারা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তই অস্ট্রেলিয়ায় একপ্রকার তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছে।’

তবে অস্ট্রেলিয়াকে নিয়ে হাসি-ঠাট্টা করলেও ব্রড ইংল্যান্ডের বাস্তবতাও স্বীকার করেন। তার মতে, ইংল্যান্ডও এখন বিশ্ব ক্রিকেটে নিজেদের সেরা অবস্থানে নেই। ফলে আগামী অ্যাশেজে কী হবে, তা এখনই অনুমান করা কঠিন।

তবে ফের অস্ট্রেলিয়ার দল নিয়ে রসিকতা করেন ব্রড। বাংলাদেশের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়া দলকে বুড়ো দাবি করে ক্যামেরন গ্রিনকেই দলের ‘আশার আলো’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ক্যামেরন গ্রিন যেন তাদের জন্য একটা আশার আলো। কারণ, সে অন্তত দলটির গড় বয়স কমিয়ে পেশাদার কোনো স্পোর্টস টিমের উপযোগী পর্যায়ে নিয়ে এসেছে।’

এদিকে পডকাস্টের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর আলোচনায় যোগ দেন অস্ট্রেলিয়ার সাবেক দুই ক্রিকেটার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। ইংল্যান্ডকে খোঁচা দিতে ছাড়েননি তারা।

প্রায় এক দশক ধরে অ্যাশেজ জিততে না পারা ইংল্যান্ড গতবারও অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল। সেই ফল সামনে এনে ইংল্যান্ডকে খোঁচা দিয়ে খাজা লেখেন, ‘আরো খারাপ হতেই পারত। আমরা ইংল্যান্ডের মতো (খারাপ) হয়ে যেতে পারতাম।’

এরপর এসব আলোচনার মাঝে স্টিভেন ফিনকে উদ্দেশ করে ওয়ার্নার বলেন, ‘বাংলাদেশকে ছোট করে দেখো না স্টিভেন!’ ফিনও বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘কখনো না। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে আছে আর ইংল্যান্ড সাতে!’

এরপর ব্রডও নিজের বক্তব্য পরিষ্কার করেন। তিনি লেখেন, ‘আরে না, পুরোটাই প্রশংসা, বাংলাদেশকে ছোট করার প্রশ্নই আসে না!’ তবে এরপরই আসে তার আসল খোঁচা। ব্রড বলেন, ‘এই মুহূর্তে ওরাই তো ক্রিকেট-বিশ্বে আমাদের প্রিয় দল!’

অর্থাৎ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়ার কারণেই বাংলাদেশ এখন ব্রডদের কাছে ‘প্রিয় দল’—এমন ইঙ্গিতই মেলে তার কথায়।

সব মিলিয়ে ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের প্রভাব যে শুধু বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজেই সীমাবদ্ধ নেই, তা স্পষ্ট হয়ে উঠেছে সাবেক ইংলিশ ও অস্ট্রেলীয় তারকাদের এই কথোপকথনে।