সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে প্রাইম ব্যাংকের অর্থ ব্যবস্থাপনা সেমিনার

Printed Edition

শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা ও নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে (সিডব্লিউইউ) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ব্যাংক পিএলসির ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এবং সিডব্লিউইউ বিজনেস ক্লাবের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন : এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন। তিনি বলেন, নারীর আর্থিক অন্তর্ভুক্তি কেবল সেবা পাওয়ার বিষয় নয়; এটি স্বাধীনতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশের সাথে যুক্ত। এ সময় তিনি নারীদের জন্য ব্যাংকের বিশেষায়িত সেবা ‘নীরা’র চিত্র তুলে ধরেন।

মূল প্রবন্ধে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার ব্যবহারিক দিক এবং তার উদ্ভাবিত ‘গ্র্যান্ডফাদার কনসেপ্ট অব পার্সোনাল মানি ম্যানেজমেন্ট’ ধারণা ব্যাখ্যা করেন। একই সাথে তিনি সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও কল সেবা ও দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের জন্য ব্রেইল বইসহ বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর সুবিধার্থে ব্যাংকের নানা পদক্ষেপের কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে সিডব্লিউইউ ভিসি অধ্যাপক ড. পারভীন হাসান প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন অর্থ ব্যবস্থাপনা ও বাস্তবমুখী পেশাগত দক্ষতা অর্জনের তাগিদ দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য দেন। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশ্নোত্তর ও দলীয় আলোচনার সুযোগ দেয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।