দেশের স্বাস্থ্যসেবা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ মেডিক্যাল ইকুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশন’ (বিএমইআইএসএ)-এর উদ্যোগে সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন ও বর্ণিল পুনর্মিলনী।
সান্ধ্যকালীন এ আয়োজনে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা সরঞ্জাম আমদানিকারক ও সরবরাহকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিদিনের ব্যবসায়িক কর্মব্যস্ততা ও যান্ত্রিকতার বাইরে এসে সদস্যদের পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এ মিলনমেলায় ছিল কুশল বিনিময়, স্মৃৃতিচারণ ও হৃদ্যতাপূর্ণ আড্ডা। বিশেষ আকর্ষণ ছিল সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড ‘বিলাওয়াল’-এর মনোমুগ্ধকর সুফি ও ফিউশন পরিবেশন। তাদের সুরের মূর্ছনায় পুরো আয়োজনটি এক মোহনীয় ও আবেগঘন মাত্রায় রূপ নেয়। সুফি মিউজিকের আধ্যাত্মিক ভাবাবেগ, গজলের রোমান্টিক গভীরতা এবং ক্লাসিক রকের উচ্ছ্বাসের সমন্বয়ে প্রতিটি পরিবেশনা উপস্থিত সবাইকে এক অন্যরকম সঙ্গীতাভ্রমণে নিয়ে যায়।
সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে এ মিলন মেলা কেবল একটি প্রাতিষ্ঠানিক আয়োজনই নয়, বরং পেশাগত সম্পর্কের গণ্ডি পেরিয়ে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বের এক অনন্য উৎসবে পরিণত হয়। সফল এ আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যরা ভবিষ্যতে আরো ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।



