খুবিতে রিভাইজড পোস্ট-গ্র্যাজুয়েট অর্ডিন্যান্স শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘রিভাইজড পোস্ট-গ্র্যাজুয়েট অর্ডিন্যান্স, মিড-টার্ম এক্সাম অ্যান্ড ট্রেসার স্টাডি’ শীর্ষক ভ্যালিডেশন কর্মশালা গতকাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: রেজাউল করিম। তিনি বলেন, পোস্ট-গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একাডেমিক নীতিমালা ও মূল্যায়ন পদ্ধতিকে সময়োপযোগী করা জরুরি। রিভাইজড পোস্ট-গ্র্যাজুয়েট অর্ডিন্যান্সের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আরো সুশৃঙ্খল ও মানসম্মত হবে। একইসাথে মিড-টার্ম পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শেখার অগ্রগতি মূল্যায়নের সুযোগ তৈরি হবে। অন্য দিকে ট্রেসার স্টাডির মাধ্যমে গ্র্যাজুয়েটরা কর্মক্ষেত্রে কেমন করছে, তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কতটা কাজে লাগছে এবং বিদ্যমান কারিকুলাম থেকে তারা কতটা উপকৃত হচ্ছে, সে বিষয়ে বাস্তবভিত্তিক তথ্য পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: ইমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন-১-এ ‘শেয়ারিং প্রোপোজড পোস্ট-গ্র্যাজুয়েট অর্ডিন্যান্স’ শীর্ষক সেশন পরিচালনা করেন শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: ইমদাদুল হক এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-নাহিদ।

টেকনিক্যাল সেশন-২-এ ‘মিড-টার্ম পলিসি ভ্যালিডেশন’ এবং ‘ডিজাইনিং ট্রেসার স্টাডি টুলস ইফেক্টিভলি : এনহ্যান্সিং গ্র্যাজুয়েট আউটকাম মেজরমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল ফিডব্যাক’ শীর্ষক সেশন পরিচালনা করেন দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো: আশিক উর রহমান এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো: মোরসালিন বিল্লাহ।