ওমানকে ট্রাম্পের বোমাহামলার হুমকি, আইআরজিসির সাথে যোগাযোগের দাবি

ট্রাম্প বলেন, 'ওমান যদি মাঝে এসে বাধা তৈরি করে, তবে আমরা তাদের ওপর মারাত্মক বোমাহামলা চালাব।'

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনায় বাধা সৃষ্টি করলে ওমানে বোমাহামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে ওয়াশিংটন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু সোমবার (১৭ আগস্ট) জানিয়েছে, ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। হরমুজ প্রণালী ও ইরান সংক্রান্ত আলোচনায় ওমানের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, 'ওমান যদি মাঝে এসে বাধা তৈরি করে, তবে আমরা তাদের ওপর মারাত্মক বোমাহামলা চালাব।'

কয়েক সপ্তাহের কারিগরি আলোচনা শেষে হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের রুট ম্যাপ নিয়ে ওমানের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর কথা শনিবার জানিয়েছিল ইরান।

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরানের উচিত আত্মসমর্পণের 'সাদা পতাকা' তোলা। তারা ভালো পোকার খেলোয়াড় হতে পারে, কিন্তু তাদের অবস্থা এখন করুণ। তিনি আরো নিশ্চিত করেন যে, আইআরজিসির সাথে যুক্তরাষ্ট্রের একটি গোপন যোগাযোগ মাধ্যম রয়েছে এবং তারা সরাসরি আইআরজিসির কর্মকর্তাদের সাথে কথা বলছেন।

এদিকে, গাজা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ইসরাইলের উচিত হবে না গাজায় আর হামলা চালানো। হামাস অস্ত্র সমর্পণে সম্মতি দিয়েছে।' তিনি জানান, হামাসের সাথেও যুক্তরাষ্ট্রের আলাদা মাধ্যমে যোগাযোগ রয়েছে এবং তারা শেষ পর্যন্ত অস্ত্র ছেড়ে দিচ্ছে। ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ওয়াশিংটনের প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে হামাসের অস্ত্রসংবরণ এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার।

ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এক প্রশ্নে ট্রাম্প জানান, সে দেশের নির্বাচনে তার জড়িয়ে না পড়াই 'সবচেয়ে উপযুক্ত'। তবে তিনি কোনো প্রার্থীকে সমর্থন দেয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেননি। ট্রাম্প বলেন, 'আমি মনে করি ইসরাইলি নির্বাচনে দূরে থাকাই আমার জন্য সবচেয়ে উপযুক্ত, তবে আমি হয়তো কাউকে সমর্থন দিতেও পারি।'