ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০০

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে এবং এক হাজার ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দেশটির দুর্যোগ সংস্থার প্রধান সুহারিয়ান্তো এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন |সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে এবং দশম দিনের মতো ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দেশটির দুর্যোগ সংস্থার প্রধান সুহারিয়ান্তো এ তথ্য জানিয়েছেন।

ভূমিকম্পে এক হাজার ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানান তিনি।

সুহারিয়ান্তো বলেন, কর্তৃপক্ষ হেলিকপ্টার, ট্রাক ও মোটরসাইকেল ব্যবহার করে ত্রাণ বিতরণ করছে।

গত ১৫ আগস্ট পূর্বাঞ্চলের নুসা তেঙ্গারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে এবং এরপরে হাজার হাজার আফটারশক অনুভূত হয়। এতে ৭৩ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় এক লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

২০২২ সালের পর এটিই ছিল ইন্দোনেশিয়ার সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।

২৯ কোটি মানুষের দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এর দুই প্রান্তে অবস্থিত। এটি একটি ভূকম্পন-সক্রিয় অঞ্চল, যেখানে টেকটোনিক প্লেটগুলো মিলিত হয় এবং প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

সূত্র : রয়টার্স