ইরানে পরমাণু অস্ত্র ব্যবহারের আলোচনা চলছে : সাবেক মার্কিন নারী কংগ্রেস সদস্য

মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ গ্রিন লেখেন, 'আমি অনুমান করে বলছি না, আমি বিষয়টি জানি। এটি পুরোপুরি একটি চরম শয়তানি।'

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প ও মারজোরি টেলর গ্রিন
ডোনাল্ড ট্রাম্প ও মারজোরি টেলর গ্রিন |সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাব্য কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ে বৈঠক চলছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন নারী কংগ্রেস সদস্য মারজোরি টেলর গ্রিন।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় তিনি এই বিস্ফোরক তথ্য জানান। তবে নিজের এই দাবির পক্ষে তিনি কোনো প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সি জানিয়েছে, মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ গ্রিন লেখেন, 'আমি অনুমান করে বলছি না, আমি বিষয়টি জানি। এটি পুরোপুরি একটি চরম শয়তানি।'

তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জয় এবং হরমুজ প্রণালী ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে বলে বারবার দাবি করলেও, তার প্রশাসন পরমাণু অস্ত্র ব্যবহারের সীমা কমিয়ে আনার চিন্তা করছে।

সাবেক এই নারী আইন প্রণেতা আরো অভিযোগ করেন, তেহরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছায়নি—মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এমন অভ্যন্তরীণ মূল্যায়নকে উপেক্ষা করছে বর্তমান প্রশাসন। উল্টো তারা ইসরাইলের দাবিকে অগ্রাধিকার দিচ্ছে।

তার মতে, এর ফলে সামরিক অভিযান সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগের কারণ হয়েছে এবং আঞ্চলিক জ্বালানি করিডোরগুলোর ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে।

একই সাথে মারাত্মক এ উত্তেজনা বৃদ্ধির পরিণতি সম্পর্কে সতর্ক করে গ্রিন বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিশ্বজুড়ে এক 'পরমাণু ধ্বংসযজ্ঞ' ডেকে আনতে পারে। এর ফলে এক নজিরবিহীন প্রাণহানি ও চরম অর্থনৈতিক মন্দা দেখা দেবে।

এ উন্মাদনা বন্ধ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র স্পর্শের বাইরে নয়।'

পরমাণু যুদ্ধ শুরু হলে ইতিহাস বর্তমান নেতাদের জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এদিকে, মারজোরি টেলর গ্রিনের এই অভিযোগের বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।