আগস্টের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪১.৪ শতাংশ

‘২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বৈদেশিক খাতকে শক্তিশালী করতে সহায়তা করছে।’

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স প্রবাহ বাড়ছে
রেমিট্যান্স প্রবাহ বাড়ছে |সংগৃহীত

চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে এক দশমিক ৭৮৮ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা ২০২৫ সালের একই সময়ে আসা এক দশমিক ২৬৪ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৪১ দশমিক চার শতাংশ বেশি।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি আগস্টের ১৩ থেকে ১৬ আগস্ট পর্যন্ত চার দিনে প্রবাসী বাংলাদেশীরা দেশে ২৮৯ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।

২০২৬ সালের জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে মোট চার দশমিক ৬৪৭ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল তিন দশমিক ৭৪২ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯০৫ মিলিয়ন মার্কিন ডলার বা ২৪ দশমিক দুই শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বৈদেশিক খাতকে শক্তিশালী করতে সহায়তা করছে।

এছাড়া রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি প্রবাসী আয় গ্রহণকারী পরিবারের আয় এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে এসব পরিবারের ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে এর প্রভাব পড়বে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী গতি বজায় রয়েছে। প্রবাসী বাংলাদেশীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ বৃদ্ধির প্রতিফলন ঘটেছে এ প্রবণতায়। বাসস