দলের নাম ভাঙিয়ে অনৈতিক কাজে ছাড় নয় : রিজভী

ষড়যন্ত্র ও অপপ্রচার সত্ত্বেও বিএনপি এবং সরকারের ওপর জনগণের আস্থা ও জনপ্রিয়তার হার অত্যন্ত উঁচুতে। জনগণের পক্ষে কাজ করলে এই সরকার সর্বদা একটি সফল ও সমাদৃত সরকার হিসেবে বজায় থাকবে।

অনলাইন প্রতিবেদক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন রুহুল কবির রিজভী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

দলীয় সুশাসন ও শৃঙ্খলার ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গত ৫ আগস্টের পর থেকে দেখছেন আমাদের চেয়ারম্যান তারেক কতটা শক্ত হাতে অপকর্মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কাজ করবে, তাদের ছাড় দেয়া হবে না।’

আজ সোমবার দুপুরে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি জনগণের বিপুল সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে জানিয়ে রিজভী বলেছেন, সরকারের প্রতিটি কাজে ও স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। তাই জনস্বার্থ ও মানবকল্যাণের বাইরে বিএনপি কোনো কাজ করবে না।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত প্রতিটি কর্মসূচি জনগণের কল্যাণ, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে। এসব জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনগুলো দলীয় প্রতীকে হবে না। ফলে স্থানীয় পর্যায়ের নেতাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে সমর্থন দেয়ার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, ষড়যন্ত্র ও অপপ্রচার সত্ত্বেও বিএনপি এবং সরকারের ওপর জনগণের আস্থা ও জনপ্রিয়তার হার অত্যন্ত উঁচুতে। জনগণের পক্ষে কাজ করলে এই সরকার সর্বদা একটি সফল ও সমাদৃত সরকার হিসেবে বজায় থাকবে।

সবাইকে সুশৃঙ্খল ও গঠনমূলক রাজনীতিতে মনোযোগী হওয়ার আহবান জানান রুহুল কবির রিজভী।