ঢাকা-৪ আসনের নাগরিক সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সাথে বৈঠক করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
সোমবার (১৭ আগস্ট) ডিএসসিসির নগর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকা-৪ আসনের সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যা দ্রুত সমাধান ও উন্নয়নকাজ বাস্তবায়নের ওপর জোর দেয়া হয়।
বৈঠকে ধোলাইপাড় চারমুখী ফুটওভার ব্রিজ নির্মাণ এবং জুরাইন রেলগেটে আন্ডারপাস স্থাপনের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া আলমবাগ, জুরাইন রেলগেট থেকে দয়াগঞ্জ এবং মুন্সিবাড়ি থেকে মীরহাজীরবাগ পর্যন্ত অসমাপ্ত রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেয়া হয়।
এ সময় ৫২ নম্বর ওয়ার্ডের মাদরাসা রোড সংস্কার, ৪৭ নম্বর ওয়ার্ডের জুরাইন কবরস্থান মসজিদের জমি ওয়াকফ ও নতুন মসজিদ নির্মাণের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া জুরাইনে আধুনিক পাবলিক টয়লেট স্থাপন, এলাকার মাদকের স্পটগুলো স্থায়ীভাবে বন্ধ করা, বাসাবাড়ির বর্জ্য অপসারণ, আধুনিক ড্রেনেজ ও খালের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে নতুন খেলার মাঠ, স্টেডিয়াম ও কমিউনিটি সেন্টার স্থাপন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। জনগণের দুর্ভোগ লাঘব এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন ঢাকা-৪ আসন গড়ে তুলতে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।



