রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচার দাবিতে মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত মানববন্ধনে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত, পঙ্গুত্ববরণকারী এবং জুলাই যোদ্ধারা অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা.আবদুল ওহাব মিনার, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজ হোসাইন, ডেভেলপমেন্ট পার্টির দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, জাগপার ঢাকা মহানগর সভাপতি আসাদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দীন মোল্লাসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতারা।
মানববন্ধনে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সঙ্কট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সঙ্কট বাংলাদেশের রাজনীতিকে সঙ্ঘাতের দিকে নিয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, স্পিকারের কাছে দেয়া স্মারকলিপিতে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার সাথে আলোচনা করে গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। তার দাবি, স্পিকার বিষয়টি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।
সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, সরকার জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে গণভোটের রায় বাস্তবায়নে পদক্ষেপ নেবে বলে তারা আশা করছেন। একই সাথে তিনি সব গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে জুলাই শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। এর আগে শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়াসহ পাঁচজন নারী সংসদ সদস্য এবং ১১ দলীয় ঐক্যের নেতারা জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।



