দেশে গ্যাসের জরুরি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে কমিটির চলতি বছরের ৩৮তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।
সভা সূত্রে জানা গেছে, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর মধ্যে দুই কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে একটি কার্গো এলএনজি ২৩-২৪ আগস্টের মধ্যে আমদানি করা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২১ দশমিক ৮৭ মার্কিন ডলার হিসাবে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।
অন্য কার্গোটি ৪-৫ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৭৯৬ মার্কিন ডলার। এ কার্গোর মোট মূল্য ৪২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৬৯ টাকা।
এর আগে গত ১২ আগস্ট দেশের গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।



