এপিবিএন আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন দিল মন্ত্রিসভা

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা হবে এ ব্যাটালিয়নের অন্যতম দায়িত্ব।

নয়া দিগন্ত অনলাইন

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে খসড়াটির অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৯ সালের ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ’-এর অধীনে গঠিত আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আরো জনবান্ধব ও যুগোপযোগী করতে বিদ্যমান অধ্যাদেশ রহিত করে বাংলায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।

প্রস্তাবিত আইনে বিদ্যমান ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ, ১৯৭৯’ রহিত করার পাশাপাশি ওই অধ্যাদেশের অধীনে সম্পাদিত কার্যক্রমের হেফাজতের বিধান রাখা হয়েছে। নতুন আইনের অধীনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ বাহিনীর অধীন থাকবে এবং পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা হবে এ ব্যাটালিয়নের অন্যতম দায়িত্ব।

প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন অনুসরণ সাপেক্ষে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেয়ার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং এসব আদালতে বিচার পরিচালনার পদ্ধতি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।