আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সূচি প্রকাশ

তত্ত্বীয় পরীক্ষা শেষে আগামী ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

নয়া দিগন্ত অনলাইন
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে |ফাইল ছবি

আগামী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৭ সালের ১৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সংক্রান্ত প্রস্তাবিত সময়সূচি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের এক আদেশের আলোকে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষা সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা ১ম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে আগামী ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

যে তারিখে যে পরীক্ষা

চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা প্রথম পত্র, ১৬ মার্চ বাংলা দ্বিতীয় পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথম পত্র এবং ২১ মার্চ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। আবশ্যিক গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ মার্চ।

এরপর ৪ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ; ৮ এপ্রিল হিসাববিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষে ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বর অনলাইনে পাঠাতে হবে। ব্যবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সংগীত বিষয়ের পরীক্ষার্থীদের নিজ খরচে প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ও শনাক্তকারী শিক্ষকসহ নির্ধারিত পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষায় মূল উত্তরপত্রের পরিবর্তে পৃথক ব্যবহারিক খাতা ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনা

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে কেন্দ্রসচিব ব্যতীত অন্য কারো মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।