আ’লীগের অপতৎপরতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

মিছিলে ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘ছাত্রলীগের আস্তানা, জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও’ এবং ‘ফ্যাসিস্টদের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আ’লীগের অপতৎপরতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
আ’লীগের অপতৎপরতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ |ছবি : নয়া দিগন্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।

সোমবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে তা শেষ হয়।

মিছিলে ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘ছাত্রলীগের আস্তানা, জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও’ এবং ‘ফ্যাসিস্টদের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে মিছিলে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো: সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো: আল আমিন, রিফাত হোসাইন, আরিফুল ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিকসহ দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা দীর্ঘদিন অন্যায়-অত্যাচার করেছেন, তাদের দ্রুত গ্রেফতার ও বরখাস্ত করতে হবে। সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা দেখা যাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে। ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। তাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই বাংলার মাটিতে হবে না।