কূটনৈতিক পুনর্বিন্যাস যোগ্যতার ভিত্তিতেই করা হচ্ছে : শামা ওবায়েদ

সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে এ ধরনের পরিবর্তন একটি চলমান প্রশাসনিক প্রক্রিয়া এবং এতে অস্বাভাবিক কিছু নেই।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম |ইন্টারনেট

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সাম্প্রতিক কূটনৈতিক পুনর্বিন্যাস যোগ্যতা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতেই করা হচ্ছে। তিনি সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় প্রভাব ফেলে এমন ধারণা নাকচ করে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই পুনর্বিন্যাসগুলো করা হচ্ছে যোগ্যতা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতে।’

প্রতিমন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে এ ধরনের পরিবর্তন একটি চলমান প্রশাসনিক প্রক্রিয়া এবং এতে অস্বাভাবিক কিছু নেই।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে কাউকে নিয়োগ দেয়া হচ্ছে- এমন ধারণার কোনো ভিত্তি নেই।

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ে কর্মদক্ষতা ও কার্যকারিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ‘আপনারা যদি প্রধানমন্ত্রীর কাজ ও সিদ্ধান্তগুলো গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ে সর্বাগ্রে বিবেচনা করা হচ্ছে কর্মদক্ষতা ও কার্যকারিতা।’

প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন ব্যক্তিদের গুরুত্ব দেয়, যারা যোগ্য, আন্তরিকভাবে দেশসেবায় নিবেদিত এবং দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম।

তিনি বলেন, দেশের প্রতি ভালোবাসা, জনসেবার প্রতি নিষ্ঠা, পেশাগত দক্ষতা ও যোগ্যতাই যেকোনো মন্ত্রণালয়ে নিয়োগের প্রধান বিবেচ্য বিষয়।

কূটনৈতিক পুনর্বিন্যাসকে চলমান প্রশাসনিক প্রক্রিয়া উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, নির্দিষ্ট পদায়নের কারণ ও বিস্তারিত তথ্য সরকার আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই জানা যাবে।

তিনি বলেন, ‘সিদ্ধান্তগুলো চূড়ান্ত হওয়ার পর সরকার যখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করবে, তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন।’

সূত্র : বাসস