শাহজালালে শাড়ির আড়ালে কুশ ও মদ চালান : গ্রেফতার ভারতীয় ২ নাগরিক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ির নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ মাদকসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
গ্রেফতার সানাওয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ ।
গ্রেফতার সানাওয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ । |নয়া দিগন্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ির নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ মাদকসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

আটককৃতদের কাছ থেকে ৫ কেজি ৪০ গ্রাম কুশ (এক ধরণের উচ্চক্ষমতাসম্পন্ন গাঁজা), ৩ লিটার বিদেশী মদ এবং ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬)।

ঘটনার বিবরণ তুলে ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা ড. মো: আবু সাঈদ মিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে ডিএনসির ঢাকা মেট্রোর (উত্তর) একটি বিশেষ টিম অবস্থান নেয়। দুপুর ১টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের (ফ্লাইট নম্বর- টিজি ৩২১) যাত্রী সানাওয়ার আলী ও ইমতিয়াজ আহমেদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষী ও অন্যান্য সংস্থার উপস্থিতিতে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে সুকৌশলে লুকানো মাদক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামতসমূহ:

মাদক ও পণ্য: ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ বোতল (মোট ৩ লিটার) বিদেশী মদ এবং ২৪ পিস ভারতীয় শাড়ি।

নথিপত্র ও অন্যান্য: ২টি ভারতীয় পাসপোর্ট (নম্বর: আর ৫৮৮৪৭৮০ এবং জেড ৭০৪৬২৬২), ২টি বোর্ডিং কার্ড এবং ৪টি স্মার্টফোন।

বৈদেশিক মুদ্রা: ৪০০ মার্কিন ডলার, থাইল্যান্ডের ১,১৭০ বাথ এবং ১,১৭০ ভারতীয় রুপি।

এই ঘটনায় বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, প্রাথমিক তদন্তে এই পাচারচক্রের সাথে জড়িত কয়েকজন বাংলাদেশী সহযোগীকে শনাক্ত করা গেছে এবং তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।