রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো: শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাতে ও সোমবার (২৪ আগস্ট) প্রথম প্রহরে পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ ৯৩ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম আজমপুর কাঁচাবাজার এলাকার দেওয়ানবাড়ী রোডের ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের সামনে অভিযান চালায়। এ সময় প্রথম আসামি ওয়াসিমকে আটক করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পরবর্তীতে ওয়াসিমের দেয়া তথ্যের ভিত্তিতে নূর বিল্ডিংয়ের এ-১ নম্বর ফ্ল্যাটে দ্বিতীয় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পল্লবী থানায় কর্মরত এএসআই মো: শফিকুল ইসলামকে আটক করা হয়। তার সাথে থাকা ব্যাকপ্যাক থেকে ২০০ পিস এবং ফ্ল্যাটের শয়নকক্ষের ড্রয়ার থেকে আরো ৫ হাজার ১০ পিসসহ সর্বমোট ৫,৩১০ পিস (৫৩১ গ্রাম) লাল ও বাদামী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর দক্ষিণখানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা আরো ২/৩ জন সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দক্ষিণখান থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



