ময়মনসিংহে উচ্ছেদের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

উচ্ছেদ অভিযানের সময় জেলা মোটর মেকানিক সমিতির কার্যালয়ের একটি অংশও ভেঙে ফেলা হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন সংশ্লিষ্টরা। বিকেল ৩টার দিকে সমিতির নেতাকর্মী ও শ্রমিকরা ঢাকা বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে। এতে দুই ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় তীব্র যানজট ও চরম ভোগান্তি।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
উচ্ছেদের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করছেন এক শ্রেণির সুবিধাভোগী গোষ্ঠী
উচ্ছেদের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করছেন এক শ্রেণির সুবিধাভোগী গোষ্ঠী |নয়া দিগন্ত

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে দখলদারিত্বের মাধ্যমে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে সিটি করপোরেশন। তবে জনস্বার্থে পরিচালিত এ অভিযানের বিরুদ্ধেই এবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামল এক শ্রেণির সুবিধাভোগী গোষ্ঠী।

সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান শুরু হয়। খননযন্ত্র দিয়ে একের পর এক অবৈধ কংক্রিট স্থাপনা গুঁড়িয়ে দেয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে শতাধিক দোকান নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিল। একইভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও গড়ে ওঠে অসংখ্য অবৈধ স্থাপনা।

উচ্ছেদ অভিযানের সময় জেলা মোটর মেকানিক সমিতির কার্যালয়ের একটি অংশও ভেঙে ফেলা হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন সংশ্লিষ্টরা। বিকেল ৩টার দিকে সমিতির নেতাকর্মী ও শ্রমিকরা ঢাকা বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে। এতে দুই ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় তীব্র যানজট ও চরম ভোগান্তি।

সমিতির সাবেক সহ-সভাপতি জুলহাস উদ্দিন অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। তবে সংশ্লিষ্ট মহল বলছে, অবৈধ দখলদারিত্ব রক্ষার স্বার্থেই এমন কর্মসূচি দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মওলা জানান, অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বিকেল ৫টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, বাসস্ট্যান্ডে যানবাহন রাখার পর্যাপ্ত জায়গা না থাকলেও অবৈধ স্থাপনার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। কোনো বৈধ কাগজপত্র না থাকায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের এমন পদক্ষেপ সময়োপযোগী হলেও, দখলদারদের মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা দুঃখজনক ও নিন্দনীয়।