সাঁথিয়ায় রাতে বেপরোয়া ডাকাতি, আইনশৃঙ্খলার চরম অবনতি

পাবনার সাঁথিয়ায় অলিম্পিক গ্রুপের কর্মীদের মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতরা।

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
সাঁথিয়া থানা, পাবনা
সাঁথিয়া থানা, পাবনা |নয়া দিগন্ত

পাবনার সাঁথিয়া উপজেলার চকনন্দনপুর মৎস্য খামারের পাশে অলিম্পিক গ্রুপের কর্মীদের মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল ডাকাতি করে নিয়ে গেছে একদল ডাকাত।

রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে অলিম্পিক কোম্পানির সেলসম্যান শাকিল হোসেন ও তার ড্রাইভার আবু মোসা সাঁথিয়া উপজেলার নন্দনপুর বাজার থেকে বেড়ার উদ্দেশ্যে রওনা হন। চকনন্দনপুর মৎস্য খামারের কাছাকাছি এলাকায় পৌঁছালে ৭-৮ জনের একদল ডাকাত তাদের দুজনকে মারপিট করে নগদ ৪০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নেয়। ডাকাতির সময় কয়েকজন পথচারী উপস্থিত হলেও ডাকাতদল নির্বিঘ্নে সটকে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, কিছুদিন পূর্বে সাঁথিয়ার কাশীনাথপুর ইউনিয়নের আতরশোভা গ্রামে আলমগীর নামে এক ব্যবসায়ীর দোকানে ও বাড়িতে তিনবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তার ওপর আজ আবার সড়কে অলিম্পিক কোম্পানির সেলসম্যানদের ওপর হামলা ও ডাকাতির ঘটনা ঘটল।

এলাকাবাসীর আরো অভিযোগ, সন্ধ্যা নামলেই সাঁথিয়া বাজারের আনাচে-কানাচে মাদকের হাট বসে। পুলিশ সব জেনেও দুই-একজন চুনোপুঁটিকে ধরলেও মাদকের মূল ডিলাররা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে অদৃশ্য কারণে। ফলে সাঁথিয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে।

অলিম্পিক কোম্পানির বেড়া শাখার ডিলার সাইফুল ইসলাম বলেন, ‘আমার সেলসম্যান এবং ড্রাইভারকে ডাকাতদল মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। আমার সেলসম্যান শাকিলকে দিয়ে সাঁথিয়া থানায় জিডি করিয়েছি।’

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ দেয়া হয়নি, অভিযোগ পেলে বিষয়টা দেখব।’

ডাকাতির শিকার ভুক্তভোগীদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরও পুলিশের নীরব ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী।