আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবনের দায়ে চার আসামির প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আনোয়ারার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদারের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৫টায় উপজেলার চাতরী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জাহেদ হাসান (২৮), মো: নুরচ্ছফা (৩৪), মো: ইসমাইল নেওয়াজ (২৬) ও মো: আসাদ (২৯) নামে চারজনকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০০৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মাদক সেবন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



