ফেনী অফিস
১১ দলীয় ঐক্যের আগামী ৫ মার্চের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা শাখা। লংমার্চের ফেনী পথসভার স্থান নির্ধারণ, প্রস্তুতি সভা আয়োজন, পথসভা বাস্তবায়ন কমিটি ও বেশকিছু উপকমিটি গঠনসহ জেলাজুড়ে ব্যাপক প্রচার-প্ররণার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে মহাসড়কের ফেনী অংশে পথসভার স্থান নির্ধারণ করেন দলটির ফেনী জেলা নেতারা এবং বিকেলে শহরের দারুল ইসলাম ভবনে প্রস্তুতি সভা আয়োজন করা হয়।
প্রস্তুতি সভায় লংমার্চ ও পথসভা সফল করতে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া লংমার্চে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে জেলাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণার সিদ্ধান্ত নেয়া হয়।
পথসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আমির মুফতি আবদুল হান্নান।
এসময় জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি শফিকুল ইসলাম, জেলা সভাপতি ইমাম হোসেন আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে, জেলা আমির মুফতি আবদুল হানান জানান, লংমার্চে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। ওইদিন বিকেল ৩টায় মহিপাল হোসাইনিয়া মাদরাসা সংলগ্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, পথসভায় ফেনী ছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। পথসভা শেষে ফেনী জেলার নেতাকর্মীরা ১২০টি গাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের বহরে যুক্ত হবেন।



