ফটিকছড়িতে রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে কয়েক শ’ ফলদ গাছ কাটার অভিযোগ

এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

মো: ফজলুল করিম, ফটিকছড়ি (চট্টগ্রাম)

Location :

Fatikchhari
কেটে ফেলা গাছের গুঁড়ি
কেটে ফেলা গাছের গুঁড়ি |নয়া দিগন্ত

চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা দখলের অজুহাতে শত শত বনজ ও ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোনো ধরনের নোটিশ বা পূর্ব ঘোষণা ছাড়াই কয়েক শ’ গাছ কেটে ফেলায় প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী স্থানীয় কৃষকরা।

এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া রাবার বাগান সংলগ্ন এলাকায় দীর্ঘ ১০০ বছর ধরে স্থানীয় কিছু পরিবার জায়গা ভোগদখল করে আসছে। সম্প্রতি ওই জায়গায় লাগানো আব্দুল জব্বার, মোহাম্মদ আলীর বাগানের কয়েক শ’ ফলদ ও বনজ গাছ রাবার বাগান কর্তৃপক্ষ কেটে সাবাড় করে দেয়।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই জায়গাটি রাঙ্গামাটিয়া রাবার বাগান থেকে বেশ দূরে এবং আমাদের পূর্বপুরুষদের আমল থেকে আমাদের দখলে রয়েছে। আমরা এখানে তিল তিল করে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছিলাম। কিন্তু হঠাৎ করে রাবার বাগান কর্তৃপক্ষ কোনো ধরনের আলাপ-আলোচনা বা নোটিশ ছাড়াই আমাদের গাছগুলো কেটে ফেলেছে। এতে আমরা নিঃস্ব হয়ে পড়েছি। আমরা এই অন্যায়ের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটিয়া রাবার বাগানের ব্যবস্থাপক কে এম মাহবুব আলম মোবাইলফোনে জানান, তিনি বর্তমানে অফিসের বাইরে আছেন। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান এবং এরপরই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Topics