চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থেকে অপহৃত স্কুলছাত্র নাঈম উদ্দিনকে (১৪) রাজশাহী থেকে উদ্ধার করেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এ সময় অপহরণ ও মুক্তিপণ দাবির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাজশাহী থেকে অপহরণের শিকার স্কুলছাত্র নাঈমকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নাঈম দর্শনার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মো: গাফফারের ছেলে এবং মদনা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত ২২ আগস্ট সকাল ১১টার দিকে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় নাঈম। খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ২৩ আগস্ট সকালে নাঈমের বড় ভাই মাসুদ রানার মুঠোফোনে মুখে টেপ প্যাঁচানো ও হাত-পা বাঁধা ছবি পাঠায় অপহরণকারীরা। নাঈমকে জীবিত ফেরত দিতে তারা এক লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়।
ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে জানানোর পর নাঈমের মামা মো: আব্দুল আলীম দর্শনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল রাজশাহীর রাজপাড়া থানার হোটেল নূর আবাসিক থেকে হাত-পা বাঁধা অবস্থায় নাঈমকে উদ্ধার করে এবং মূলহোতা মো: সুমন খানকে গ্রেফতার করে। পরে বোয়ালিয়া থানার স্বর্ণপট্টি আবাসিক হোটেল এলাকা থেকে চক্রের আরেক সদস্য মো: রুবেল শেখকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপহরণের কথা স্বীকার করেছেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, র্যাবের সহযোগিতায় অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামিদের দর্শনা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



