ঈদগাঁওয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

‘হয় মাদক ছাড়তে হবে, নয়তো এলাকা ছাড়তে হবে।’

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঈদগাঁও থানার আয়োজনে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার সচেতন নাগরিক, সমাজকর্মী, মাদকবিরোধী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তারের কারণে এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে গিয়েছে। মাদকই বিভিন্ন অপরাধের প্রধান কারণ। তাই মাদক নির্মূলে কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনা করার দাবি জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মাজদার, সমাজসেবক হামিদুল হক, ঈদগাঁও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলাম ও মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দসহ এলাকার সচেতন মহল।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল তিনজন ও আজ আরো একজনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

সমাবেশে ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘হয় মাদক ছাড়তে হবে, নয়তো এলাকা ছাড়তে হবে।’

তিনি আরো বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদককারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় সচেতন মহল।