ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ২

সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে দূরে পড়ে যায়।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
নিহত সালাউদ্দিন
নিহত সালাউদ্দিন |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সালাউদ্দিন (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন জেলার নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের আদম মোল্লার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে দূরে পড়ে যায় এবং চালক সালাউদ্দিন মহাসড়কের রেলিংয়ের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় মোটরসাইকেলে থাকা জেলার নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের সিরাজ শেখের ছেলে সাব্বির শেখ (১৮) ও একই গ্রামের আকতার মাতুব্বরের ছেলে তামিম হোসেন (১৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।