ঝিনাইদহের শৈলকুপায় মারধরের ঘটনায় আহত ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ইলিয়াসের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইলিয়াস মেম্বার উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে পৌরসভার বিধানের ডিলার পয়েন্টে টিসিবির পণ্য তুলতে আসেন চতুরা গ্রামের মাজেদুল ইসলাম নামে কার্ডবিহীন এক ব্যক্তি। কিন্তু দোকানে থাকা রিসালাত হোসেন (নিহত ইলিয়াস মেম্বারের ছেলে) কার্ড না থাকায় তাকে টিসিবির পণ্য দিতে অস্বীকৃতি জানান। এতে তার সাথে মাজেদুল ইসলাম বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এরপর টিসিবির পণ্য না পেয়ে ক্ষুব্ধ মাজেদুল শহরের হাজী মোড়ে রিসালাতের বাবা ইলিয়াস মেম্বারকে একা পেয়ে লোহার রড দিয়ে উপর্যুপরি পিটিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ইলিয়াস মেম্বার নামে একজন প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন বলে শুনেছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখতে অভিযোগ পেলে অবশ্যই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



