মাদারীপুর পৌর শহরের শকুনি লেকের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসক মর্জিনা আক্তারের নেতৃত্বে মাদারীপুর জেলা প্রশাসন ও মাদারীপুর পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, শকুনি লেকের চারপাশে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনায় ফাস্টফুডসহ নানা ধরনের খাবার বিক্রি করা হয়। এসব দোকান থেকে সৃষ্ট বর্জ্যের কারণে লেকের পরিবেশ ও পানির গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়ে মশা-মাছির উৎপত্তি হচ্ছিল। পাশাপাশি লেকে ঘুরতে আসা দর্শনার্থীরাও নানা ভোগান্তির মুখে পড়ছিলেন।
এ অবস্থায় লেকের সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে সেখান থেকে জব্দকৃত মালামাল মাদারীপুর পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত মালামাল পৌরসভার তত্ত্বাবধানে সংরক্ষণ করা হবে।
মাদারীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মিল্লাত হোসেন বলেন, ‘শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে জব্দকৃত মালামালের মালিকরা প্রয়োজনীয় মুচলেকা দিয়ে সেগুলো ফেরত নিতে পারবেন।’
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। তাদের আশা, নিয়মিত তদারকির মাধ্যমে শকুনি লেকের পরিবেশ ও সৌন্দর্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত থাকবে।



