সিংগাইরে নামজারিতে ৩১ হাজার টাকা ঘুষের অভিযোগ : নায়েব বরখাস্ত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো: কামরুল ইসলামের বিরুদ্ধে জমির নামজারিতে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো: কামরুল ইসলাম
উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো: কামরুল ইসলাম |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো: কামরুল ইসলামের বিরুদ্ধে জমির নামজারিতে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিঞা।

সোমাবার (২৪ আগস্ট) সরকারি কাজে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান বিভাগীয় কমিশনার। এ সময় একাধিক ভুক্তভোগী নায়েব কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

স্থানীয় ভুক্তভোগী মজিরন অভিযোগ করেন, জমির নামজারি করে দেয়ার কথা বলে তার কাছ থেকে ৩১ হাজার টাকা নেয়া হয়েছে। এছাড়া অন্য ভুক্তভোগীরাও অভিযোগ করেন, ঘুষ ছাড়া ভূমি অফিসে কোনো ফাইল নড়ে না। তারা নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিভাগীয় কমিশনারের কাছে উপস্থাপন করেন এবং তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

ভুক্তভোগীদের অভিযোগ ও উপস্থাপিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে বিভাগীয় কমিশনার তাৎক্ষণিকভাবে উপসহকারী ভূমি কর্মকর্তা কামরুল ইসলামকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।