ভাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ জব্দ, ৪৩ হাজার টাকা জরিমানা

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির অপরাধে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচটি মামলা দায়ের করা হয়।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ওষুধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
ওষুধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা বাজারে মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধের বিরুদ্ধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভাঙ্গা বাজার এলাকার বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির অপরাধে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার পাশাপাশি জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম। এতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো: নাজমুল হাসান। এ সময় ভাঙ্গা থানার পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের অনিয়ম বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।