শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণ, রাতকানা রোগ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী রোববার (২৮ জুন) দেশব্যাপী অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। কর্মসূচি সফল করতে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (২৫ জুন) এ উপলক্ষে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাজীপুরের সিভিল সার্জন ডা: মামুনুর রশিদ জানান, জেলার পাঁচ লাখ ৫৮ হাজার ৬৭৪ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি জানান, ছয় থেকে ১১ মাস বয়সী ৭১ হাজার ১৩৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৮৭ হাজার ৮৩৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এক হাজার ৮৭টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৪৯৮ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও দুই হাজার ১৭৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
সভায় সিভিল সার্জন বলেন, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণের মাধ্যমে শিশুমৃত্যুর ঝুঁকিও কমে।
তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের সন্তানদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। কোনো শিশু যেন এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নজির মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক, ডা: সাবিকুন্নাহারসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের সহযোগিতা নেয়া হচ্ছে।



