ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধকোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ আগস্ট) জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিনের অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ ভোরে জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, চকলেট, বিস্কুট, কসমেটিক ও বিভিন্ন প্রকার সুগন্ধী তেল এবং ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক দাম ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা।
এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একইসাথে সীমান্তে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।’
তিনি আরো বলেন, ‘সীমান্ত নিরাপত্তা সুরক্ষা এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কার্যক্রম পরিচালনা করবে।’



