রাজধানীতে সকালে বৃষ্টি হওয়ায় নগর জীবনে স্বস্তি ফিরেছে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
রোববার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে বৃষ্টি হওয়ায় নগর জীবনে স্বস্তি ফিরেছে। দুপুর ১টার মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।
এর আগে গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



