কেমন হবে ব্রাজিলের একাদশ?

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দলে একটি পরিবর্তন আসতে পারে। ঊরুর পেশির চোটের কারণে রাফিনহা খেলতে পারবেন না। তার পরিবর্তে ডান প্রান্তে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানকে।

নয়া দিগন্ত অনলাইন

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

নকআউট পর্ব নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।

তবে ম্যাচটির আগে ব্রাজিল সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে— স্কটল্যান্ডের বিপক্ষে কেমন হবে সেলেসাওদের প্রথম একাদশ।

প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে রয়েছে তারা।

সমান পয়েন্ট থাকলেও মরক্কো পিছিয়ে আছে গোল ব্যবধানে। গ্রুপ থেকে এখনো কোনো দলই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে না পারায় শেষ ম্যাচগুলো হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দলে একটি পরিবর্তন আসতে পারে। ঊরুর পেশির চোটের কারণে রাফিনহা খেলতে পারবেন না। তার পরিবর্তে ডান প্রান্তে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানকে।

অনুশীলনেও তাকে নিয়ে আলাদা কাজ করেছেন আনচেলত্তি। লুইস হেনরিখকে বিবেচনায় রাখা হলেও কোচের প্রথম পছন্দ রায়ান বলেই ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, সেরা একাদশ নিয়েই মাঠে নামবে ব্রাজিল। এদিকে ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে শুরুর একাদশে দেখা নাও যেতে পারে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হতে পারে এই তারকা ফুটবলারকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।