বিশ্বকাপ জিতবে ফ্রান্স, ফ্লপ হবে ব্রাজিল!

জরিপে ৩৫ শতাংশ ভোট পেয়ে নিজেদের জার্সিতে তৃতীয় তারকা যোগ করার দৌড়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। আর ৩১ শতাংশ ভোট পেয়ে তাদের পরেই আছে স্পেন।

নয়া দিগন্ত অনলাইন
ফিফা বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ |ইন্টারনেট

তবে কী এবারো বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল? হেক্সা পূরণে আরো অপেক্ষা বাড়বে কি সেলেসাওদের? সমর্থকেরা রুষ্ট হলেও এমন দাবিই করেছেন অর্থনীতিবিদদের একটি দল।

রয়টার্সের করা অর্থনীতিবিদদের একটি জরিপ বলছে, স্পেনকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলবে ফ্রান্স। আর পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল আসরের সবচেয়ে বড় ফ্লপ দল হবে।

বিশ্বজুড়ে ১৬০ জন অর্থনীতিবিদের জরিপের বিষয়বস্তু ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। যেখানে বিশ্বকাপে অংশ নেয়া ৪৮টি দল ও আসরের ১০৪টি ম্যাচ নিয়ে গবেষণা করেছেন তারা।

গত ১১ মে থেকে ৫ জুনের মধ্যে পরিচালিত এই জরিপে ৩৫ শতাংশ ভোট পেয়ে নিজেদের জার্সিতে তৃতীয় তারকা যোগ করার দৌড়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। আর ৩১ শতাংশ ভোট পেয়ে তাদের পরেই আছে স্পেন।

বর্তমান ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড রয়েছে শীর্ষ পাঁচ পছন্দের তালিকায়। তবে ব্রাজিল নেই তাদের জরিপের শীর্ষে।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পেছনে যুক্তি তুলে ধরেছেন লন্ডনভিত্তিক আরবিসি’র সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি। তিনি বলেন, ‘২০২২ সালের ফাইনালের হতাশার পর, এবার আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য ফ্রান্স বেশ ভালোভাবেই প্রস্তুত।’

ব্রাজিলের সমর্থকেরা এই জরিপ দেখে নির্ঘাত চোখ ফিরিয়ে নেবেন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ওপর ভরসা রাখতে পারছেন না বিশ্লেষকেরা। তাদের দাবি, আসন্ন আসরে হতাশ করবে হলুদ জার্সিধারীরা।

তাদের মতে, আর্লিং হালান্ডের নরওয়ে আন্ডারডগ হিসেবে চমক দেখাতে পারে। উদীয়মান তারকা হিসেবে ৪৬ জনকে ভোট দিয়েছেন অর্থনীতিবিদরা, যেখানে সবার শীর্ষে স্পেনের ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল।

টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে থাকবেন ফ্রান্সের মাইক মাইগনান, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ ও স্পেনের উনাই সিমন।

আর কিলিয়ান এমবাপ্পেই এবার ‘গোল্ডেন বল’ আর ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে তাদের জরিপে। যেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন হ্যারি কেইন।