জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত

টস জিতে ব‍্যাট করতে নেমে শুরুতে বেশ ভুগতে হয় রাহুলকে। স্থির হতে পারছিলেন না তিনি। ধুঁকছিলেন বারবার, একাদশ ওভারে ক‍্যাচ দিয়েও বেঁচে যান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
শুভমান গিল ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে রান-পাহাড়ের পথে ভারত
শুভমান গিল ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে রান-পাহাড়ের পথে ভারত |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

শুভমান গিল ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে রান-পাহাড়ের পথে ভারত। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনেই দাপট দেখিয়েছে তারা, তুলেছে ৩ উইকেটে ৩৬৮ রান।

শনিবার চন্ডিগড়ে প্রথম দিনের খেলা শেষে ১৪৩ বলে ১০৩ রানে ব‍্যাট করছেন গিল। ৭০ বলে ৫০ রানে খেলছেন রিশাভ পান্ত। তাদের জুটি জমে উঠেছে, ১২১ রান এসেছে ১৫১ বলে।

মাঝে ১৬৫ বলে সমান ১০০ রান নিয়ে আউট হন লোকেশ রাহুল। ১০৪ বলে ৮১ রান করেন সাই সুদর্শন। তবে সুবিধা করতে পারেননি যশস্বী জয়সাওয়াল, ৩২ বলে ২৪ রানে শেষ হয় তার দৌড়।

টস জিতে ব‍্যাট করতে নেমে শুরুতে বেশ ভুগতে হয় রাহুলকে। স্থির হতে পারছিলেন না তিনি। ধুঁকছিলেন বারবার, একাদশ ওভারে ক‍্যাচ দিয়েও বেঁচে যান তিনি।

কট বিহাইন্ডের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেননি আফগান অধিনায়ক। পরে দেখা যায়, ব‍্যাটে মৃদু স্পর্শ ছিল বলের! জীবন পেয়ে অবশ্য আর ভুল করেননি রাহুল।

অন্যদিকে জীবন পেয়েছিলেন আরেক ওপেনার জয়সাওয়ালও, তবে ইনিংস বড় হয়নি তার। ব‍্যক্তিগত ২০ রানে প্রথম স্লিপে রাহমানউল্লাহ গুরবাজের হাতে জীবন পান সুদর্শনও।

সব মিলিয়ে বারবার সুযোগ হাতছাড়া করে চন্ডিগড় টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে আফগানিস্তান। প্রথম দিনে তাদের হয়ে দুই উইকেট নেন সালিম শাফি।