২০২৬ বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে বিতর্ক থামছেই না। সমালোচনা-প্রশংসার এই আলোচনায় এবার নিজের মত জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও।
তার মতে, পর্তুগিজ মহাতারকার ফুটবল খেলার ইচ্ছা এখনও অটুট থাকলেও শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না। তার মতে, বয়সের কাছে হার মানার সময় হয়ে গেছে রোনালদোর।
ইএসপিএন ব্রাজিলের জনপ্রিয় অনুষ্ঠান ‘রিসেনহা ডু ৯’-এ কথা বলতে গিয়ে ‘ফেনোমেনন’ খ্যাত রোনাল্ডো বলেন, ‘সাধারণত শরীরই একসময় জানিয়ে দেয় যে, আর আগের মতো চলা সম্ভব নয়। আমার মনে হয়, ক্রিশ্চিয়ানো ও নেইমার—দুজনই সেই পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে তাদের ইচ্ছা আর শরীরের মধ্যে একটা সমঝোতা তৈরি হয়েছে। শরীরের সাথে এই লড়াই জেতা সত্যিই খুব কঠিন।’
দুইবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান কিংবদন্তির বিশ্বাস, ক্রিশ্চিয়ানোর এখনও সৌদি প্রো লিগে দাপট দেখানোর সামর্থ্য রয়েছে। তবে বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করা অনেক বেশি কঠিন।
তার ভাষায়, ‘হয়তো তার এখনো সৌদি আরবে খেলার মান আছে। সেখানে সে সেরা হতে পারে। কিন্তু বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন একটি মঞ্চ। সেখানে প্রতিযোগিতার মান অনেক বেশি আর সেই পর্যায়ে টিকে থাকা অনেক কঠিন।’
নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে রোনাল্ডো নাজারিও বলেন, ‘ফুটবলকে যতই ভালোবাসি না কেন, যতই সারাজীবন খেলতে চাই, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা শরীরই নিয়ে নেয়। আজ আমি আর খেলি না, কারণ আমার মন এখনও খেলতে চায়, কিন্তু শরীর আর সেই গতিতে সাড়া দেয় না।’
৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে খেললেও তার পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় ম্লান ছিল। সেই প্রেক্ষাপটেই ব্রাজিলিয়ান কিংবদন্তির এই মন্তব্য ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে নেইমার চোট নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে তেমন কিছুই করতে পারেননি।



