চ্যাম্পিয়নস লিগের সেরা ফুটবলার কাভারাৎসখেলিয়া

হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। যেখানে ৪-৩ ব্যবধানে জিতে যায় পিএসজি।

নয়া দিগন্ত অনলাইন
কাভারাৎসখেলিয়া
কাভারাৎসখেলিয়া |সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের মুকুট ধরে রেখেছে পিএসজি। টানটান উত্তেজনায় ঠাসা ফাইনালে আর্সেনালকে হারিয়ে শিরোপা জেতে ফরাসি ক্লাবটি।

হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। যেখানে ৪-৩ ব্যবধানে জিতে যায় পিএসজি।

শিরোপা নির্ধারণের পর গতকাল রোববার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও বর্ষসেরা দল ঘোষণা করেছে উয়েফা। প্লেয়ার অব দ্য সিজন নির্বাচিত হয়েছেন কাভারাৎসখেলিয়া।

২৫ বছর বয়সী এই জর্জিয়ান ফরোয়ার্ড আসর জুড়েই ছিলেন অপ্রতিরোধ্য। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১০ গোল ও সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ছয়টি গোল।

এছাড়া উয়েফার ঘোষিত চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা একাদশে আধিপত্য দেখিয়েছে পিএসজি। কাভারাৎসখেলিয়া ছাড়াও আছেন উসমান ডেম্বেলে, মার্কিনহোস, নুনো মেন্দেস ও ভিতিনহা।

রানার্স আপ দল আর্সেনাল থেকে জায়গা পেয়েছেন তিন ফুটবলার। আছেন গোলরক্ষক ডেভিড রায়া, ডিফেন্ডার গ্যাব্রিয়েল ও মিডফিল্ডার ডেকলান রাইস।

এছাড়া রিয়াল মাদ্রিদের আর্ডা গুলার নির্বাচিত হয়েছেন মৌসুমের সেরা উদীয়মান তারকা। টুর্নামেন্টের সেরা গোলের পুরস্কারটি জিতেছেন তারই রিয়াল সতীর্থ ফেদেরিকো ভালভার্দে।