জেডেন অ্যাডামসের রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু

বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের দাদির মৃত্যুসংবাদ পেয়েছিলেন অ্যাডামস। তবুও দেশের জার্সির প্রতি দায়িত্ববোধ থেকে মাঠে নেমেছিলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন জেডেন অ্যাডামস
গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন জেডেন অ্যাডামস |ইন্টারনেট

দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের আকস্মিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি তারা।

সোমবার এক বিবৃতিতে কেপ টাউন সেন্ট্রাল পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে স্কটসচে ক্লুফ এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এরপর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়।

মাত্র দুই সপ্তাহ আগেই দক্ষিণ আফ্রিকার ফুটবল ইতিহাসের অংশ হয়েছিলেন অ্যাডামস। ২০২৬ বিশ্বকাপে দেশের প্রথম নকআউট পর্বে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন এই মিডফিল্ডার। তবে রাউন্ড অব ৩২-এ কানাডার বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নেয়া ম্যাচে খেলেননি।

অ্যাডামসের বাবা হুয়ানিতো অ্যাডামস দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ-কে জানান, পরিবার এখনো ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। তাই শেষকৃত্যের তারিখ নির্ধারণ করা হয়নি।

‘এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত মৃত্যু। আমাদের পরিবারের জন্য বিষয়টি মেনে নেয়া খুব কঠিন। মানুষ বলে সময়ের সাথে সব সহজ হয়ে যায়। কিন্তু এমন শোক কখনো সহজ হয় না, শুধু তা নিয়েই বেঁচে থাকতে শিখতে হয়।’

দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের দাদির মৃত্যুসংবাদ পেয়েছিলেন অ্যাডামস। তবুও দেশের জার্সির প্রতি দায়িত্ববোধ থেকে মাঠে নেমেছিলেন তিনি।

একই সাথে ক্রীড়ামন্ত্রী গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকা উচিত।

এদিকে অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার বিশ্বকাপের ইংল্যান্ড-নরওয়ে ও আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।