রোনালদো-মদ্রিচের ম্যাচের টিকিট ২৬ লাখ টাকা!

ক্রিশ্চিয়ানো রোনালদো-লুকা মদ্রিচদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ মুখোমুখি ম্যাচকে ঘিরে টরন্টোতে টিকিটের পুনর্বিক্রয় মূল্য সর্বোচ্চ ২৬ লাখ টাকায় পৌঁছেছে। বিপুল চাহিদা ও স্থানীয় পর্তুগিজ-ক্রোয়েশীয় সমর্থকদের আগ্রহে দাম আকাশছোঁয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ |সংগৃহীত

ফুটবলের কিছু ম্যাচ শুধুমাত্র ৯০ মিনিট খেলা নয়, তার চেয়েও অনেক বেশি! কিছু ম্যাচ হয়ে ওঠে একটি যুগের শেষ অধ্যায়ের সম্ভাব্য মঞ্চ। টরন্টো স্টেডিয়ামে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মুখোমুখি লড়াই ঠিক তেমনই এক ম্যাচে। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের মতো মহারথীর বিশ্বমঞ্চে মুখোমুখি হওয়ার শেষ সম্ভবনা।

তাদের মুখোমুখি লড়াইয়ের উম্মদনার পাশাপাশি শেষ ৩২-এ পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচের কিছু টিকিটের পুনর্বিক্রয় মূল্য রেকর্ড ভাঙার লড়াইয়ে নেমেছে। কানাডার টরোন্টো স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই ম্যাচের কিছু টিকিটের দাম ৩০ হাজার কানাডিয়ান ডলার (প্রায় ২১ হাজার ১০০ মার্কিন ডলার), যা বাংলাদেশী মুদ্রায় ২৬ লাখ টাকা পর্যন্ত পৌঁছেছে।

টেলিভিশন নেটওয়ার্ক সিটিভি নিউজের প্রকাশিত তথ্য অনুযায়ী, সিটগ্যাকে কিছু আসনের মূল্য ৩০ হাজার কানাডিয়ান ডলারেরও বেশি। এছাড়া সিটগ্যাক ও স্টাবহাবে আরো অনেক টিকিট কয়েক হাজার ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত ছিল।

টিকিট ট্র্যাকিং ওয়েবসাইট টিকিটডেটার তথ্য অনুযায়ী, শনিবার রাতে কলম্বিয়া-পর্তুগাল ম্যাচটি ড্র হওয়ার পরপরই পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের টিকিটের পুনর্বিক্রয় মূল্য দাঁড়িয়েছিল ৩,২২৫ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় তিন লাখ ৮০ হাজার টাকার বেশি)।

একটি একক আসনের সবচেয়ে কম দামের টিকিটও ছিল দুই হাজার ৬০০ ডলারের বেশি। অথচ ২০২৫ সালে ফিফা যখন আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করেছিল, তখন এর মূল্য ছিল ৩৩৫ থেকে ৮৭৫ ডলারের মধ্যে।

টিকিটের এত উচ্চমূল্যের কারণ কি শুধুমাত্র রোনালদো-মদ্রিচ? নাকি অন্য কিছু? এর পেছনে কারণ দু’টিই। টরোন্টোতে বসবাসকারীদের বড় অংশ পর্তুগিজ ও ক্রোয়েশীয় বংশোদ্ভূত। এ কারণে ম্যাচটি শহরটিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। তাই বড় সমর্থকগোষ্ঠীর কারণেই নকআউট পর্বের ম্যাচটির টিকিটের চাহিদা ব্যাপক বেড়েছে। টরোন্টো এলাকায় প্রায় এক লাখ ৪০ হাজার পর্তুগিজ বংশোদ্ভূত এবং ৩৫ হাজার ক্রোয়েশীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন।

পর্তুগাল বা ক্রোয়েশিয়া হেরে গেলে এটি ক্রিশ্চিয়ানো রোনালদো অথবা লুকা মদ্রিচের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ হতে পারে। বিজয়ী দল চলে যাবে শেষ ষোলোতে, আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

টরন্টো কানাডার ওন্টারিও প্রদেশের রাজধানী। মজার বিষয় হলো প্রদেশটিতে চলতি বছরই মূল দামের চেয়ে বেশি দামে টিকিট পুনর্বিক্রয় নিষিদ্ধ করে আইন পাস করা হয়েছে।

তবে পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলো জানিয়েছে, ব্যবহারকারীরা মূল টিকিট কত দামে কিনেছিলেন তা যাচাই করা কঠিন হওয়ায় এই আইন কার্যকর করা বাস্তবে বেশ চ্যালেঞ্জিং।