পরের রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

নকআউটের টিকিট পাওয়ার সমীকরণ অবশ্য এখন অনেকটাই সহজ সেলেসাওদের। শেষ ম্যাচে জিতলে বা ড্র করলেও নক আউট পর্বে পা রাখতে পারবে ব্রাজিল। এমনকি হারলেও সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। যদিও সেখানেও আছে হিসাব-নিকাশ।

নয়া দিগন্ত অনলাইন
ব্রাজিলের উদযাপন
ব্রাজিলের উদযাপন |ইন্টারনেট

হাইতির বিপক্ষে জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। সেই সাথে ফিরেছে শিরোপা জয়ের আমেজ। যদিও এখনো স্বপ্নপূরণ থেকে বহুদূরে সেলেসাওরা, এখনো নিশ্চিত হয়নি দ্বিতীয় পর্বের টিকিট।

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে গ্রুপ ‘সি’-এর শীর্ষে। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় পর্বে যেতে সেই ম্যাচে একাধিক সমীকরণের মুখে ভিনিসিউস জুনিয়ররা।

নকআউটের টিকিট পাওয়ার সমীকরণ অবশ্য এখন অনেকটাই সহজ সেলেসাওদের। শেষ ম্যাচে জিতলে বা ড্র করলেও নক আউট পর্বে পা রাখতে পারবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এমনকি হারলেও সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। যদিও সেখানেও আছে হিসাব-নিকাশ।

এক নজরে দেখে যাক সম্ভাব্য সব সমীকরণ-

স্কটল্যান্ডকে হারাতে পারলেই ব্রাজিল নিশ্চিতভাবে গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে পরের রাউন্ডে উঠবে। প্রথম ম্যাচে ড্র করায় ব্রাজিল ও মরক্কোর মুখোমুখি লড়াইয়ের হিসাব সমান রয়েছে। ফলে পয়েন্ট সমান হলে সিদ্ধান্ত হবে গোল ব্যবধানে।

এমন পরিস্থিতিতে মরক্কো হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও ব্রাজিলের শেষ ৩২-এ ওঠা আটকে যাবে না। বরং গোল ব্যবধানে এগিয়ে থাকলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের পর্বে উঠতে পারে। অন্যদিকে মরক্কো ড্র করলেও তারা দ্বিতীয় স্থান ধরে রাখবে।

স্কটল্যান্ডের সাথে ড্র হলে ব্রাজিলের ভাগ্য নির্ভর করবে মরক্কোর ফলাফলের ওপর। হাইতির বিপক্ষে মরক্কো যদি ড্র করে, তাহলে গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিল গ্রুপসেরা হিসেবে শেষ ৩২-এ উঠতে পারে।

তবে মরক্কো যদি জয় পায়, তাহলে তারা শীর্ষে উঠে যাবে এবং ব্রাজিল দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে যাবে। সে ক্ষেত্রে স্কটল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকবে।

যদি স্কটল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে ব্রাজিলের পয়েন্ট থাকবে ৪। আর স্কটল্যান্ডের পয়েন্ট বেড়ে হবে ৬। ফলে ব্রাজিলকে তাকিয়ে থাকতে হবে মরক্কো-হাইতি ম্যাচের দিকে।

মরক্কো জিতলে, তাদের পয়েন্ট হবে ৭। সেক্ষেত্রে ব্রাজিলকে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ ওঠার আশা করতে হবে। মরক্কো ড্র করলে, তাদের পয়েন্ট হবে ৫। তখনো ব্রাজিলের একই সমীকরণ।

তবে মরক্কো হেরে গেলে, তারা ৪ পয়েন্টেই থাকবে। তখন ব্রাজিল ও মরক্কোর অবস্থান নির্ধারণ হবে গোল ব্যবধানে। গোল ব্যবধানে এগিয়ে থাকলে ব্রাজিল দ্বিতীয় হয়ে সরাসরি শেষ ৩২-এ উঠতে পারবে।

আর এসব সমীকরণ না মিললে ১৯৬৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ব্রাজিলকে।