বিশ্বকাপ শেষ বালের্দির, বড় ধাক্কা খেল আর্জেন্টিনা

২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দলে নিজের জায়গা পাকা করে প্রস্তুত হচ্ছিলেন বিশ্বমঞ্চে নিজেকে চেনাতে। তবে আপাতত তার স্বপ্ন আর সত্যি হচ্ছে না। যদিও এখনো তার চোট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নয়া দিগন্ত অনলাইন

শিরোপার লড়াই শুরুর আগেই বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা। বিশ্বকাপ স্বপ্ন শেষ লিওনার্দো বালের্দির। অনুশীলনে চোট পেয়ে আসর থেকে ছিটকে গেছেন এই ডিফেন্ডার।

রাতে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে, আলবিসেলেস্তেদের শেষ মুহূর্তের অনুশীলনে ডান পায়ের পেশিতে বড় ধরনের চোট পান তিনি। মেডিক্যাল পরীক্ষায় তার পেশিতে টিয়ার ধরা পড়ে।

চোটের গভীরতা এতটাই বেশি যে, বিশ্বকাপের আগে তার পুরোপুরি ফিট হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। ফলে বাধ্য হয়েই বালের্দির বিকল্প খুঁজছেন কোচ লিওনেল স্কালোনি।

বালের্দির পরিবর্তে এখন কাকে দলে নেয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। প্রাথমিক দলে থাকা খেলোয়াড়ের মাঝে থেকেই নিতে হবে বিকল্প। এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন মার্কোস সেনেসি।

ডিফেন্ডার বালের্দি আর্জেন্টিনা দলে এসেছিলেন বিকল্প সেন্টার-ব্যাক হিসেবে। ফ্রান্সের লিগ ওয়ানে দারুণ এক মৌসুম কাটিয়ে মূলত ক্রিস্টিয়ান রোমেরোর বিকল্প হিসেবে ভাবনায় ছিলেন।

২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দলে নিজের জায়গা পাকা করে প্রস্তুত হচ্ছিলেন বিশ্বমঞ্চে নিজেকে চেনাতে। তবে আপাতত তার স্বপ্ন আর সত্যি হচ্ছে না। যদিও এখনো তার চোট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই চোট থেকে সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ ততদিনে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ করে ফেলবে আর্জেন্টিনা। তাই আর অপেক্ষা করছেন না লিওনেল স্কালোনি।