জি গ্রুপে বেলজিয়ামের সাথে ১-১ গোলে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে মোহাম্মদ সালাহ’র মিসর। তবে আত্মঘাতী গোলের কারণে জয় হাতছাড়া হয় তাদের।
সালাহ তার ৩৪তম জন্মদিনটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলের এ ম্যাচে রঙিন করে রাখতে না পারলেও ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোল দিয়ে এগিয়ে যায় মিসর। বক্সের বাইরে থেকে মোহাম্মদ সালাহর সহায়তায় গোলটি করেন ইমাম আশুর।
বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল মিসর।
বেলজিয়াম প্রথমার্ধে গোলটি পরিশোধ করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬তম মিনিটে মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম।
মাঠে নেমেই বেলজিয়ামের সমতাসূচক গোলের উপলক্ষ হন রোমেলু লুকাকু। ম্যাচের ৬৬ মিনিটে লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। এটি চলতি বিশ্বকাপের তৃতীয় আত্মঘাতী গোল।
নির্ধারিত সময়ের সাথে আরো ৪ মিনিট যুক্ত হলেও আর কোনো গোল দিতে পারেনি কোনো দলই।



