ইরানের নক আউটের টিকিট অন্যদের হাতে

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শোজা খলিলজাদেহ বল জালে পাঠাতেই উল্লাসে ফেটে পড়ে পুরো ইরান শিবির। জয় মানেই নিশ্চিত নকআউট পর্ব- এই বিশ্বাসেই উৎসব শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আনন্দ কেড়ে নেয় ভিএআর। খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে ভিএআরের অফসাইড সিদ্ধান্তে বাতিল হয়ে যায় ইরানের গোল।

নয়া দিগন্ত অনলাইন
খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে ভিএআরের অফসাইড সিদ্ধান্তে বাতিল হয়ে যায় ইরানের গোল
খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে ভিএআরের অফসাইড সিদ্ধান্তে বাতিল হয়ে যায় ইরানের গোল |ইন্টারনেট

আর মাত্র কয়েক সেকেন্ড- এরপরই ইতিহাস গড়তো ইরান! কিন্তু ভাগ্য সায় দেয়নি। ভিএআর থমকে দিয়েছে তাদের যাত্রা, তবে শেষ হয়ে যায়নি। নানা সমীকরণে আটকা ইরানের শেষ ৩২-এর টিকিট এখন অন্যদের হাতে।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শোজা খলিলজাদেহ বল জালে পাঠাতেই উল্লাসে ফেটে পড়ে পুরো ইরান শিবির। জয় মানেই নিশ্চিত নকআউট পর্ব- এই বিশ্বাসেই উৎসব শুরু হয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত সেই আনন্দ কেড়ে নেয় ভিএআর। খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে ভিএআরের অফসাইড সিদ্ধান্তে বাতিল হয়ে যায় গোল আর জয় হাতছাড়া করে ১-১ সমতায় মাঠ ছাড়তে হয় ইরানকে।

আজ শনিবার সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় মিসর। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইরানকে।

১৪ মিনিটে কঠিন কোণ থেকে দুর্দান্ত এক শটে সমতা ফেরান রামিন রেজায়িয়ান। এরপর ম্যাচজুড়ে আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধেই পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন মেহদী তারেমি।

শেষ মুহূর্তে খলিলজাদেহর জালে বল জড়ানোয় মনে হয়েছিল, বহু প্রতীক্ষিত জয় বুঝি ধরা দিয়েই গেল। কিন্তু ভিএআরের সিদ্ধান্ত বদলে দেয় সবকিছু। গোল বাতিল হয়, জয়ও হয় অধরা।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’ থেকে ৫ পয়েন্ট নিয়ে বেলজিয়াম ও মিসর নকআউট পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে তিন ম্যাচেই ড্র করে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইরানকে।

এখন ইরানের সমীকরণ কী?

তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে ইরান। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট, গোল ব্যবধান শূন্য। তবে আশা এখনো ফুরিয়ে যায়নি। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোই ঠিক করে দেবে ইরানের ভাগ্য।

বর্তমান পরিস্থিতিতে ইরান নিশ্চিতভাবেই দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে ও স্কটল্যান্ডের ওপরে থাকবে। শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করতে হলে বাকি তৃতীয় স্থানধারী দলগুলোর মাঝে অন্তত একটি দলকে ইরানের নিচে থাকতে হবে।

এই ম্যাচগুলোর যেকোনো একটি ফলই ইরানকে শেষ ৩২-এ তুলে দিতে পারে। সেই লক্ষ্যে তাদের সমীকরণ হলো :

▪️ ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার যেকোনো ব্যবধানে হার।

▪️ অস্ট্রিয়ার কাছে আলজেরিয়ার হার অথবা আলজেরিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার হার।

▪️ ডিআর কঙ্গো ও উজবেকিস্তানের ম্যাচ ড্র হওয়া।

▪️ উজবেকিস্তানের কাছে ডিআর কঙ্গো ৮ গোলের কম ব্যবধানে হারলে।

এই সমীকরণগুলোর যেকোনো একটি মিললেই সেরা আট তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করবে ইরান।